বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ২৩:২৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রাজনৈতিক অঙ্গন গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সভা ডেকে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আলোচিত বিদ্রোহী প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি।
শনিবার বিকেলে উপজেলার তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মীসভায় তিনি এ ঘোষণা দেন।
সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য এম এ খালেক বলেন, ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। দলীয় শৃঙ্খলা ও বৃহত্তর স্বার্থে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি।’
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এম এ খালেকের বৈঠকের পর থেকেই তার নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা চলছিল। গত ৬ জানুয়ারি বিকেলে তারেক রহমানের সঙ্গে এম এ খালেকের বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের নির্বাচনী হিসাব-নিকাশ নতুন করে শুরু হয়।
এ বিষয়ে এম এ খালেক বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং তার প্রতি সম্মান দেখিয়েই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় ৪০ মিনিটব্যাপী বৈঠকের কথা উল্লেখ করে তিনি জানান, দেশের বৃহত্তর স্বার্থে তাকে ত্যাগ স্বীকার করতে বলেছেন তারেক রহমান। পাশাপাশি তাকে সম্মানজনক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এবং দলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে বলেও জানানো হয়েছে।
বাঞ্ছারামপুর আসনে বিএনপির জোট প্রার্থী হিসেবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ আব্দুর রহিম সাকি মনোনীত হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জোট প্রার্থীকে সর্বাত্মক সমর্থন দেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, দলের স্বার্থ ও চলমান আন্দোলনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে জোট প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা জাসাসের আহ্বায়ক এম এ সালামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসের খান অপু, উপজেলা বিএনপির সদস্য আজিজুর রহমান চেয়ারম্যান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মুন্সী, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, রেজাউল হক রাব্বি, যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল হক, দরিয়াদৌলত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম খান, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপি নেতা অশোক মেম্বার, যুবদলের সভাপতি নিজাম উদ্দিন, ছাত্রদলের সাবেক সভাপতি নুর মোহাম্মদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল হাসান আব্দুল্লাহসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।