প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ২৩:০৩ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ০৯:২০ এএম
বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। ছবি: তারেক রহমানের ফেসবুক পেজ থেকে
বিএনপির নতুন চেয়ারম্যান হলেন তারেক রহমান। এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে চেয়ারম্যানের পদটি শূন্য হয়।
দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে সেই শূন্যপদে শুক্রবার রাতে দায়িত্ব প্রদান করে।
এর মাধ্যমে তিনি বিএনপির চতুর্থ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন। রাজধানীর গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। এর আগে গুলশানের বাসা থেকে বিকেলে হেঁটে তিনি রাজনৈতিক কার্যালয়ে যান। রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তারেক রহমানকে দলের নতুন চেয়ারম্যানের দায়িত্ব অর্পণের কথা ঘোষণা করেন। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও একই তথ্য জানানো হয়।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দলটির প্রথম চেয়ারম্যান। তার শাহাদাত বরণের পর বিচারপতি আব্দুস সাত্তার দ্বিতীয় চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তৃতীয় চেয়ারপারসন নির্বাচিত হন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সংগ্রামে, সঙ্কটে ও রাষ্ট্র পরিচালনায় সুদীর্ঘকাল দলটিকে নেতৃত্ব দিয়ে রাজনীতির শীর্ষ অবস্থানে নিয়ে যান। ইন্তেকালের আগ পর্যন্ত দলের চেয়ারপারসন হিসেবে অধিষ্ঠিত ছিলেন বেগম জিয়া।
বিএনপির এক সিনিয়র নেতা জানান, স্থায়ী কমিটির বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে দলের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। বিগত ২০১৮ সালে
বেগম খালেদা জিয়া কারাগারে বন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
হিসেবে মনোনীত করা হয়। এর মধ্যে গত ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
ইন্তেকাল করেন। তার মৃত্যুতে চেয়ারপারসনের পদটি শূন্য হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর লন্ডনে প্রবাস জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর
দেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান।
এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ অভিযাত্রা আগামীকাল রবিবার
শুরু হওয়ার কথা থাকলেও ইসির অনুরোধে তা স্থগিত করা হয়েছে। দেশের উত্তরাঞ্চলের ৯ জেলা
সফর করার কথা ছিল তার। ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত এ সফরে তার সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর,
দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট সফরের কথা ছিল। এ
ছাড়া টাঙ্গাইলে যাওয়ারও কথা ছিল।
আজ সাংবাদিকদের
সঙ্গে মতবিনিময়
দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে আজ শনিবার শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হবে। সূত্র জানায়, জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিকদের সম্মানে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করছে বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীরের সই করা আমন্ত্রণ বার্তায় গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত
থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
পাকিস্তান
হাইকমিশনারের সাক্ষাৎ
তারেক রহমানের
সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
গতকাল শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ
সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে বিকাল সোয়া ৪টার দিকে পাকিস্তানি হাইকমিশনার গুলশান কার্যালয়ে
পৌঁছালে বিএনপির কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান। জানা গেছে, বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট
বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য
ও দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে তাদের মধ্যে আলাপ হয়েছে।
জার্মান ও
অস্ট্রেলীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তারেক রহমানের
সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। গতকাল সন্ধ্যা
৬টায় তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান
হাইকমিশনার সুসান রাইলও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গতকাল সন্ধ্যা
৭টায় সাক্ষাৎ করেন। এ সময় তারা দুদেশের মধ্যে স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।