চট্টগ্রাম ১৪ আসন
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ১৯:০৭ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬ ১৯:৪০ পিএম
বিএনপি প্রার্থী জসীম উদ্দীন আহমেদের নির্বাচনি প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজু ও তার গাড়ি। কোলাজ ছবি
চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদের নির্বাচনি প্রধান সমন্বয়ক এম এ হাস রাজুকে ‘গুলি’ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
রাজু কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক (সাবেক) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
দুর্বৃত্তরা গুলি করে হত্যার চেষ্টা করলেও গাড়ি চালকের বুদ্ধিমত্তায় এ যাত্রায় বেঁচে ফিরতে পেরেছেন বলে জানান রাজু।
তার অভিযোগ, সাতকানিয়া উপজেলার পুরানগর ইউনিয়নে ৮ জানুয়ারি সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দোয়া মাহফিল শেষে ফেরার পথে বাজালিয়া রাস্তার মাথায় রাত ১১টার সময় দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে ৩-৪টি গুলি করে এবং দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে তাকে ঘিরে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে।
তিনি বলেন, এ সময় আমার চালক বুদ্ধিমত্তা ও কৌশলে গাড়িটি দ্রুত সেই স্থান থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হয়। তবে সেসময় তাদের ছোড়া গুলিতে গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে যায়।
সাবেক এই ছাত্রদল নেতা দাবি করেন, এই ঘটনায় এলডিপি ও জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা রয়েছে। তিনি বলেন, ‘এলডিপি ও জামায়াতে ইসলামীর সন্ত্রাসীরা আমাকে প্রাণে মেরে ফেলার জন্য গুলিবর্ষণ করে।’
জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিএনপি প্রার্থী জসীম উদ্দীন আহমেদও গুলিবর্ষণের ঘটনায় এলডিপি ও জামায়াতকে দায়ী করেন।
তিনি অভিযোগ করেন, এলডিপি ও জামায়াতের লোকেরা তার প্রধান সমন্বয়কারী হাশেম রাজুকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় এনে গ্ৰেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এ ব্যাপারে লিখিত কোনও অভিযোগ পাওয়া যায়নি এবং প্রাথমিকভাবে গুলিবর্ষণের ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।