খুলনা অফিস
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ১৭:৩৬ পিএম
যারা অন্যায় ও পাপকে ঘৃণা করে, তাদের সঙ্গেই জামায়াতের বন্ধুত্ব বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
খুলনা-৫ আসনে গণসংযোগের অংশ হিসেবে শুক্রবার ডুমুরিয়া উপজেলায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তাদের চরিত্র, সততা ও আদর্শের পরীক্ষা হয়ে গেছে এবং তারা সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছে। তাই ফেল করা শক্তিকে আর দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া যাবে না।
জামায়েতের সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্ম, সংস্কৃতি বা নাগরিক অধিকার ক্ষুণ্ন হবে- এমন প্রচারণা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত হলে তা হিন্দু-মুসলমান নির্বিশেষে সবার জন্য ন্যায়বিচার ও কল্যাণ বয়ে আনবে।
তিনি বলেন, হিন্দু ভাইদের ভয় দেখানো হচ্ছে দাড়িপাল্লায় ভোট দিলে ধর্ম পরিবর্তন হয়ে যাবে, মেয়েরা বাইরে বের হতে পারবে না। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। উদাহরণ টেনে তিনি বলেন, তার এলাকায় হিন্দু অধ্যক্ষ, শিক্ষক ও কমিউনিটি নেতারা দায়িত্বে আছেন এবং তারা স্বাধীনভাবেই নিজ নিজ ধর্ম পালন করছেন।
সংখ্যালঘু সম্প্রদায়ের প্রসঙ্গে তিনি আরও বলেন, জামায়াত বা ইসলামী আন্দোলনের কোনো কর্মী কখনো হিন্দুদের বাড়ি দখল, মিথ্যা মামলা, জমি বা ঘের দখলের সঙ্গে জড়িত নয়। বরং যারা এসব করেছে, তারাই দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় ছিল বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, এতদিন আলেম-ওলামাদের শুধু মসজিদ ও মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু এবার পরিবর্তন আসবে। আমরা শুধু মসজিদে ইমামতি করব না, পার্লামেন্টেও ইমামতি করব। সৎ লোক যদি রাষ্ট্র চালায়, দেশ অবশ্যই ভালো হবে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টায় মাগুরখালী ওয়ার্ড প্রতিনিধি সমাবেশ, সকাল ৯টায় উলা ৩ নম্বর ওয়ার্ড মহিলা সহযোগী সদস্য সম্মেলন, ১০টায় উলা সরদারপাড়া ইউনিটের সহযোগী সদস্য সম্মেলন, ১১টায় মইখালী সহযোগী সদস্য সম্মেলন এবং বিকাল ৪টায় বান্দা সনাতনী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিটি সমাবেশেই অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এসব অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতনী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।