আশিকুর রহমান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ ২৩:২০ পিএম
জোনায়েদ সাকি, আব্দুল খালেক ও মেহেদী হাসান। ছবি: কোলাজ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সাকির আসনে নতুন রাজনৈতিক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে, তারেক রহমানের পরামর্শের আলোকে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে পারেন।
বিশ্বস্ত রাজনৈতিক সূত্র জানাচ্ছে, ভোট বিভাজনের আশঙ্কা ও বিরোধী শক্তির ঐক্য বজায় রাখার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখছে। জনাব খালেকের সঙ্গে সম্ভাব্য আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা মনে করছেন, আব্দুল খালেক যদি সম্মানজনকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ান, তাহলে দলীয় ঐক্য আরও সুসংহত হবে এবং বিএনপি সমর্থিত প্রার্থী জুনায়েদ সাকির পক্ষে গণসমর্থন আরও শক্তিশালী হবে।
অপরদিকে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশকে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছিল। যদিও পরে তার মনোনয়নপত্র বাতিল হিসেবে গণ্য হয়েছে।
শেষে স্থানীয় নেতারা অবিলম্বে আব্দুল খালেক এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের বিরুদ্ধে জারি করা বহিষ্কার আদেশ প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন, যাতে তারা দলের স্বাভাবিক রাজনৈতিক অবস্থায় ফিরে আসতে পারেন।