প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ১৭:৫৬ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬ ১৮:১৬ পিএম
ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। ছবি: ফাতিমা তাসনিম জুমার ফেসবুক থেকে নেওয়া
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার জন্যই ফয়সালকে জামিন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা।
নিজ ফেসবুক অ্যাকাউন্টে শনিবার দুপুরে দেওয়া পোস্টে তিনি এমন অভিযোগ করেন।
পোস্টে জুমা লিখেন, ‘ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এই খুনের জন্যই। সরকারে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন জজ এই রায় দিয়েছিল? সে কার রিক্রুট করা? কোন আইনজীবী জামিন করিয়েছে? কার চ্যানেলে সে ইনকিলাবে এসেছিল?’
তিনি আরও বলেন, ‘কবির নামে যাকে গ্রেপ্তার করা হলো, সে সেন্টারে যেদিন প্রথম অ্যাটেম্পট নেয়, সেদিন ফয়সালের সাথে ছিল।’
জুমা মনে করছেন, ফয়সালের পাশাপাশি কবিরকে জিজ্ঞাসাবাদ করলেও বেরিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ তথ্য।
মামলা তদন্তে ধীরগতির অভিযোগ করে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডাকসু নেত্রী।
তার প্রশ্ন,‘ কেন মামলার অগ্রগতি নেই? নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে।’
জুমা মনে করেন, এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে অনুসন্ধানী সাংবাদিকরা বড় ভূমিকা রাখতে পারেন।
তিনি বলেন, ‘এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেক জট খুলে যায়।’