নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ১৫:৪০ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কার্যক্রমে সকাল থেকেই প্রার্থী, তাদের প্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচন অফিস এলাকায় ছিল উৎসুক ও উত্তেজনাপূর্ণ পরিবেশ।
যাচাই-বাছাই শেষে নির্বাচন বিধিমালা অনুসারে এক স্বতন্ত্র প্রার্থী ছাড়া বাকি সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান।
যাচাই-বাছাইয়ে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট এম এ মান্নান, স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস, জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট আব্দুল বাতেন, ইসলামী আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম নজু, খেলাফত মজলিসের প্রার্থী আমজাদ হোসেন আশরাফি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী শাহিন খান, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী এডভোকেট আশরাফুল হক, জাতীয় পার্টির প্রার্থী কামরুল ইসলাম, গণ সংহতি আন্দোলনের প্রার্থী নাহিদা জাহান এবং গণ ফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম ভূঁইয়াকে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মুসা সিরাজির দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্রে প্রয়োজনীয় কাগজপত্র ও বিধি-বিধান পূরণ না হওয়ায় মুসা সিরাজির মনোনয়ন বাতিল করা হয়েছে।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে নবীনগরের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আলোচনা নতুন মাত্রা পেয়েছে। প্রার্থীরা এখন নির্বাচনী প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচারণাকে সামনে রেখে মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার করার প্রস্তুতি নিচ্ছেন।