নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ১৫:২৯ পিএম
নির্বাচন ভবন। ছবি : সংগৃহীত
পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে।
ঋন খেলাপিজনিত কারনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মাহমুদ হোসেন এবং এক শতাংশ ভোটার সমর্থন সংগ্রহজনিত সমস্যায় আরেক স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমানের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়।
পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়-এ অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবু সাঈদ এ ঘোষণা দেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, ঋণখেলাপি থাকার কারণে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া নির্বাচনী এলাকার এক পার্সেন ভোটার সমর্থন সংগ্রহে সমস্যা থাকায় স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, মাহমুদ হোসেন প্রথমে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
এদিকে পিরোজপুর-২ আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর সুমন।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে আরও জানানো হয়, এ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, জাতীয় পার্টি (জেপি) ও স্বতন্ত্র মিলিয়ে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছিলেন। এই দুজন বাদে বাকি পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন বাতিলের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে মাহমুদ হোসেন এবং মোস্তাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।