× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে এবার বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই : ওবায়দুল কাদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২ ১৪:১৮ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২ ১৫:০৫ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। আগামী নির্বাচনে সামনে থেকে কারা দলের নেতৃত্ব দেবেন, তা ঠিক হবে এই সম্মেলনের মধ্য দিয়ে। তাই আসন্ন এ সম্মেলন ঘিরে চলছে নানামুখী সমীকরণ। পুরোনোরাই থাকবেন দায়িত্বে নাকি কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পাবেন নতুনরা, এ নিয়ে গুজব-গুঞ্জন বাড়ছে প্রতিদিন।

তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানালেন, এবারের সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের ভেন্যু পরিদর্শনের পর বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরবর্তী কাউন্সিলে (২৩তম) হয়তো বড় ধরনের রদবদল হবে। আপাতত বড় ধরনের পরিবর্তনের ব্যাপারে ভাবছি না। তবে কাউন্সিলরদের অভিমতের ওপর সব নির্ভর করবে। আমি আগাম কিছু বলতে চাই না।’

সভাপতি পদে শেখ হাসিনার বিকল্প নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘সভাপতি পদে শেখ হাসিনা অপরিহার্য। তাকে সমর্থন করবে না এমন কেউ নেই।’

সভাপতি পদে শেখ হাসিনা অনেকটা অবধারিত হওয়ায় আওয়ামী লীগের সম্মেলনে সবচেয়ে বেশি আলোচনা হয় সাধারণ সম্পাদক পদ নিয়ে। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। সাধারণ সম্পাদক পদে এবারও আলোচনায় সবচেয়ে এগিয়ে আছেন ওবায়দুল কাদের। টানা তৃতীয় মেয়াদে দলের গুরুত্বপূর্ণ এই পদে তিনিই দায়িত্ব পেতে যাচ্ছেন বলেই ধারণা করা হচ্ছে।

যদিও সাধারণ সম্পাদক পদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, ‘সাধারণ সম্পাদক পদে অন্তত ১০ জন প্রার্থী আছেন, যারা সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে নেত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে।’

বৈশ্বিক সংকটের কারণে এবারের সম্মেলনকে চ্যালেঞ্জিং বলে অভিহিত করে কাদের বলেন,  ‘সংকটকে সম্ভাবনায় রূপ দিতে এ সম্মেলনে স্মরণকালের সর্ববৃহৎ সুশৃঙ্খল উপস্থিতি নিশ্চিত করা হবে। সম্মেলনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।’

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘মূল লক্ষ্য শেখ হাসিনার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। সুশৃঙ্খল ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তুলব। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী সরকার পরিচালনার জন্য প্রস্তুত আওয়ামী লীগ।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও জানান, নির্বাচন কমিশনের নিবন্ধিত সব দলকে আওয়ামী লীগের সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে।

সম্মেলনস্থল পরিদর্শনের সময় কাদেরের সঙ্গে ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এসএম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনের মধ্য দিয়ে দলটির নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা