নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ ২১:৫৪ পিএম
সোমবার নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন এডভোকেট আব্দুল মান্নান ও কাজী নাজমুল হোসেন তাপসসহ বাকি প্রার্থীরা। প্রবা ফটো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনে নির্বাচনী তৎপরতা চূড়ান্ত রূপ নিতে শুরু করেছে। মনোনয়নপত্র জমার শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) নবীনগর উপজেলা পরিষদ চত্বরে বিএনপি মনোনীত প্রার্থী, স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন জমাকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মনোনয়ন জমার শেষ দিনে এই আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নান, স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নজরুল ইসলাম নজু, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ শাহিন খান, জাতীয় পার্টির মো. কামরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের নাহিদা জাহান, জামায়াতে ইসলামীর মো. আব্দুল বাতেন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমজাদ হোসেন আশরাফী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট আব্দুল মান্নান কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান ও উপজেলা নির্বাচন কমিশনার স্বপন কুমার ভৌমিকের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে এডভোকেট মান্নান বলেন, আগামী নির্বাচন এদেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রত্যেকে নিজ নিজ ভোট নিজে দিতে পারবে। আগামী নির্বাচনে নবীনগরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
একই দিনে দুপুরে উৎসবমুখর পরিবেশে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস। দুপুর ১টা ৩০ মিনিটে নবীনগর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, নেতাকর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তিনি নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা শেষে প্রতিক্রিয়ায় কাজী নাজমুল হোসেন তাপস নবীনগরবাসীর দোয়া ও ভালোবাসা কামনা করে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও নবীনগরের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান জানান, তার কাছে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং একজন প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।