প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৭ পিএম
ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার নেতাকর্মীদের হাত নাড়িয়ে অভিবাদন জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : বিএনপির মিডিয়া সেল
দীর্ঘ ১৭ বছর পর ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গুলশানের বাসভবন থেকে সোমবার দুপুরে তার গাড়িবহর নয়াপল্টনের উদ্দেশ্যে রওনা হয়। বিকাল সাড়ে ৩টার দিকে গাড়িবহরটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছায়।
প্রায় দেড় যুগেরও বেশি সময় পর তারেক রহমানকে সরাসরি স্বাগত জানাতে এদিন দুপুর থেকেই বিএনপি কার্যালয়ের আশেপাশে ভীড় করেছেন নেতাকর্মীরা। তার আগমনকে কেন্দ্র করে বিএনপি কার্যালয়ের সামনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে তাকে বরণ করে নেন।
এদিকে, তার এই সফরকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।