প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৯ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৫২ পিএম
ছবি: সংগৃহীত
প্রায় ১৯ বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লাল-সবুজ রঙের বুলেট প্রুফ বাসে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জিয়া উদ্যানে পৈৗঁছে বিকাল ৪টা ৪২ মিনিটে বাবার কবর জিয়ারত তিনি।
শুক্রবার জুমার নামাজের পর বেলা পৌনে ৩টার দিকে তার গাড়িবহর গুলশানের ১৯৬ নম্বর বাড়ির সামনে থেকে রওনা দেয় ।
বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বিএনপি নেতা সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
তারেক রহমান সর্বশেষ ১ সেপ্টেম্বর ২০০৬ সালে জিয়া উদ্যানে গিয়েছিলেন তার বাবর কবর জিয়ারত করতে ।
সেই সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার বাবার মাজার জিয়ারত করেছিলেন।
এর প্রায় ১৯ বছর পর আজ তিনি পুনরায় সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার (ফখরুদ্দীন–মঈনউদ্দীন) দুর্নীতিবিরোধী অভিযান শুরু করে। ওই সময় বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে ২০০৭ সালের ৭ মার্চ ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। মুক্তির পর এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার উদ্দেশ্যে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি লন্ডনে যান। এরপর দীর্ঘ সময় সেখানেই অবস্থান করেন।
১৭ বছর পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন তারেক রহমান। বাবার কবর জিয়ারত ঘিরে বিএনপির নেতা–কর্মীদের মধ্যে আবেগ দেখা গেছে।