নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৮ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এডভোকেট মান্নান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্রে তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় পর্যায়ের কঠোর যাচাই-বাছাই ও দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সিদ্ধান্তের ভিত্তিতেই নবীনগর আসনে তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এডভোকেট এম এ মান্নান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহবায়ক ছিলেন এবং দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
এদিকে মনোনয়ন ঘোষণার খবরে নবীনগর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
চূড়ান্ত মনোনয়ন পেয়ে এডভোকেট এম এ মান্নান নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, দলের ওপর অর্পিত দায়িত্ব তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে পালন করবেন এবং নবীনগরের সার্বিক উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বাত্মকভাবে কাজ করবেন।
এর আগে গত ৩ নভেম্বর গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জন্য এডভোকেট এম এ মান্নানের নাম ঘোষণা করা হয়।