পিরোজপুর-২ আসন
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৮ পিএম
বিএনপি নেতা আহমদ সোহেল মঞ্জুর সুমন। প্রবা ফটো
দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেলেন আহমদ সোহেল মঞ্জুর সুমন।
আহমদ সোহেল মঞ্জুর বর্তমানে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গত ২৩ ডিসেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।
এর আগে গত ৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকাতেও তার নাম ঘোষণা করা হয়েছিল। পরে চূড়ান্ত যাচাই-বাছাই শেষে পুনরায় পিরোজপুর-২ আসনে তার মনোনয়ন বহাল রাখা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আহমদ সোহেল মঞ্জুর সুমন ভান্ডারিয়া উপজেলার নদমুলা ইউনিয়নের হেতালিয়া গ্রামের বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম নূরুল ইসলাম মঞ্জুরের সন্তান। মরহুম নূরুল ইসলাম মঞ্জুর মুক্তিযুদ্ধকালীন নবম সেক্টরের বেসামরিক প্রধান ছিলেন এবং পরবর্তীতে মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও জানা যায়, আহমদ সোহেল মঞ্জুরের পিতার নানার বাড়ী নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামে। শেহাংগলে প্রার্থী সুমনের শৈশবের অনেক স্মৃতি বিজরিত। এ কারনে তিনি নেছারাবাদ(স্বরূপকাঠির) লোক হিসেবে সর্বজনে বেশি পরিচিত।
দলের তৃণমূল নেতাকর্মীরদের মধ্যে কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, একটি সুশিক্ষিত ও রাজনৈতিকভাবে মর্যাদাসম্পন্ন পরিবারের প্রতিনিধিকে মনোনয়ন দেওয়ায় তারা উচ্ছ্বসিত। তাদের মতে, আহমদ সোহেল মঞ্জুর একজন গ্রহণযোগ্য ও জনবান্ধব নেতা। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, তার নেতৃত্বে পিরোজপুর-২ আসনে বিএনপি বিপুল ভোটে বিজয় অর্জন করবে এবং দীর্ঘদিন অবহেলিত এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
এদিকে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেন, দলীয় মনোনয়ন চূড়ান্ত ও অপরিবর্তনীয়। এ বিষয়ে কোনো ধরনের বিরোধিতা বা শৃঙ্খলাভঙ্গ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।