প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৪:৫১ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৫:৪১ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমমনাদের জন্য আরও ১০টি আসনে ছাড় দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার এ সিদ্ধান্তের কথা জানান।
ছাড় দেওয়া আসনগুলো হলো—কুমিল্লা-৭, নড়াইল-২, যশোর-৫, পটুয়াখালী-৩, ঝিনাইদহ-২, পিরোজপুর-১, ঢাকা-১২ ও ১৩, ব্রাহ্মণবাড়িয়া-৬ এবং বগুড়া-২।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, এলডিপি থেকে বের হয়ে বিএনপির সঙ্গে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন রেদোয়ান আহমেদ। তিনি কুমিল্লা-৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন।
এনপিপির চেয়ারম্যান এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ আসন থেকে নির্বাচনে লড়বেন। ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ যশোর-৫, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পটুয়াখালী-৩, একই দলের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-২ এবং জাতীয় পার্টির মোস্তফা জামান হায়দার পিরোজপুর-১ আসন থেকে লড়বেন।
এ ছাড়াও, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ঢাকা-১৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা-১২, গণসংহতির প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে লড়বেন।
এর আগে, মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে নির্বাচনি সমঝোতায় পৌঁছে দলটিকে ৪টি আসন ছাড় দেয় বিএনপি। নিলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ ও ব্রাহ্মণবাড়িয়া-২ এই আসনগুলো দলটিকে ছেড়ে দেওয়া হয়।