প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৪১ পিএম
ঢাকার বনানীর হোটেল শেরাটনের বলরুমে মঙ্গলবার সংবাদ সম্মেলনে জাতীয় সংসদ নির্বাচনে এনডিএফের প্রার্থী ঘোষণা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় পার্টির সাবেক দুই নেতা আনিসুল ইসলাম মাহমুদ (জাপা) ও আনোয়ার হোসেন মঞ্জুর (জেপি) নেতৃত্বে ১৮টি দল নিয়ে যে রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) হয়েছে, তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১২২টি আসনে ১৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
ঢাকার বনানীর হোটেল শেরাটনের বলরুমে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এনডিএফ চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ ও প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
ঘোষিত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম-৫), আনোয়ার হোসেন মঞ্জু (পিরোজপুর-২), এবিএম রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী-১), কাজী ফিরোজ রশিদ (ঢাকা-১০), মুজিবুল হক চুন্নু (কিশোরগঞ্জ-৩), শেখ শহিদুল ইসলাম (মাদারীপুর-৩) ও গোলাম সারোয়ার মিলন (মানিকগঞ্জ-২)।
ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়, ১১টি আসনে একাধিক প্রার্থী দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা-১০, বরিশাল-৬, ঢাকা-১৭, চট্টগ্রাম-৯, শেরপুর-১ ও ঢাকা-১৮।
এবিএম রুহুল আমিন হাওলাদার সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্যে বলেন, দেশে বর্তমানে ভয়াবহ মব সন্ত্রাস ও মতপ্রকাশের দমননীতি চলছে। গণমাধ্যমে অগ্নিসংযোগ, সাংবাদিক নির্যাতন, রাজনৈতিক সহিংসতা ও সংখ্যালঘু হত্যাকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চরমভাবে উদ্বেগজনক করে তুলেছে।
তিনি বলেন, এমন অনিরাপদ ও অগ্নিগর্ভ পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না—তা নিয়ে গভীর সংশয় রয়েছে।