প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ১৫:২৮ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৩ পিএম
প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল। ছবি : সংগৃহীত
আজকে শুধু ডেইলি স্টার কিংবা প্রথম আলো নয়, গণতন্ত্রের ওপর আঘাত এসেছে আজ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা করার প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব মন্ত্যব্য করেনে।
বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনভাবে চিন্তা করার, কথা বলার যে অধিকার আমার আছে তার ওপর আবার আঘাত এসেছে। যে জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ, সেই জুলাই যুদ্ধের ওপর আঘাত এসেছে। তাই এখন কোন রাজনৈতিক দল-সংগঠন নয়, সব গণতন্ত্রীকামী মানুষের এক হওয়ার সময় এসেছে গেছে। আমার আহ্বান থাকবে, এই অপশক্তিকে রুখে দিতে শুধু একাত্মতা ও সংহতি নয়, সর্বশক্তি দিয়ে আপনারা ঐক্যবদ্ধ হোন।
প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এই যৌথ প্রতিবাদ সভার আয়োজন করেন সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)। সভা শেষে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পাশের রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা।
উদ্দেশ্যপ্রণোদিত ও সংগঠিত সন্ত্রাসী হামলায় গত বৃহস্পতিবার রাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। একই রাতে সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তা করে হামলাকারীরা।