× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম আলো ও ডেইলি স্টার বন্ধ চান রাকসু ভিপি

রাবি প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৬ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। প্রবা ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। প্রবা ফটো

দেশের শীর্ষস্থানীয় দুই জাতীয় দৈনিক ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’ বন্ধের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ।

গত বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এই ঘোষণা দেন। পরে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিক্ষোভ সমাবেশে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমরা আজকের এই প্রোগ্রাম থেকে ঘোষণা দিচ্ছি, প্রথম আলো, ডেইলি স্টারসহ এইসব সুশীল সংবাদ পত্রিকাকে অবশ্যই বন্ধ কর‍তে হবে। আমরা মনে করি, এই প্রোগ্রামে যদি প্র‍থম আলো, ডেইলি স্টার পত্রিকার কোনো সাংবাদিক আসেন, তাহলে এখনই এখান থেকে চলে যাবেন।’

বক্তব্যে তিনি ভারতীয় হাইকমিশন প্রসঙ্গ টেনে বলেন, ‘আমরা ঘোষণা দিচ্ছি, হাদি ভাইয়ের রক্ত থেকে লক্ষ হাদি জন্ম নিব ইনশাআল্লাহ। বাংলাদেশে ভারতীয় হাইকমিশন মাত্র দুইটা। তার মধ্যে একটা রাজশাহীতে। আমরা বলবো, রাজশাহীতে ভারতীয় হাইকমিশন উচ্ছেদ করে দিতে হবে। আমরা ঘোষণা দিচ্ছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার আওয়ামী ফ্যাসিস্ট শিক্ষক ক্লাসে আসতে পারবে না।’

রাকসুর ভিপির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানামুখী আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সবুর লোটাস তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘উনি কি রাকসুর ভিপি নাকি শিবিরের সভাপতি হিসেবে বক্তব্য দিচ্ছেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্তত এইটুকু বুঝুক তাদের নির্বাচিত প্রতিনিধির অবস্থা! যাইহোক, রাকসু, জাকসুর ভিপিরা যা বক্তব্য দিচ্ছে সেটা কি মবের উস্কানি নাহ?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু নিজের ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে  লিখেছেন, ‘রাকসুর শিবির বলবে প্রথম আলো, ডেইলি স্টার বন্ধ করে দিতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবির বলবে বাম, শাহবাগী, ছায়ানট, উদীচী সব তছনছ করে দিতে হবে। উল্টা দিকে, নায়েবে আমীর এই সকল কর্মকাণ্ডে ব্যথিত হবেন। সাদিক কায়েম বলবে একটি উসকানিদাতা গ্রুপ এগুলি করছে। ডাকসুর প্যাডে বিবৃতি দিয়ে এই সবের নিন্দা জানাবে। এই খেলাটা বারবার রিপিট হবে। আর আমরা ধইঞ্চার মতো দেখব।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে শরীফ ওসমান হাদীর মৃত্যুর সংবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কার্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা