ঢাকা-২০
মনোয়ার হোসেন রুবেল, ধামরাই (ঢাকা)
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ১৬:২৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে প্রকৌশলী নাবিলা তাসনীম নামে এক নারীকে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত ১০ ডিসেম্বর দলের সদস্য সচিব আখতার হোসেন প্রাথমিক প্রার্থী ঘোষণা করেন। তবে এ প্রার্থিতা ঘোষণার পরপরই শুরু হয়েছে বিতর্ক। খোদ এনসিপির স্থানীয় নেতাকর্মীরাও চেনেন না দল ঘোষিত এ প্রার্থীকে। আর এনসিপির সংশ্লিষ্ট নেতা বলছেন, এই মনোনয়ন প্রাথমিক। এটি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ধামরাই উপজেলা এনসিপির নেতাকর্মীরা জানান, চব্বিশের গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা ছাত্র-জনতার সমন্বয়ে প্রায় এক বছর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা নেতাকর্মীদের সংশ্লিষ্টতায় এ বছরের ২২ জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধামরাই উপজেলা কমিটি গঠন করা হয়। সেই সময় থেকেই নেতাকর্মীরা পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দলীয় কার্যক্রম পরিচালনা করছিলেন।
সম্প্রতি মনোনয়ন আহ্বান করা হলে ধামরাইয়ের পাঁচ নেতা মনোনয়ন সংগ্রহ করেন। এর মধ্যে নাবিলা তাসনীম নামে একজনকে মনোনীত করে ঘোষণা দেয় এনসিপি। তিনি ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার বাসিন্দা। তিনি রাজধানী ঢাকায় থাকেন।
নাবিলা তাসনীমের নাম ঘোষণার পরপরই এনসিপির ধামরাই উপজেলার একাধিক নেতাকর্মী ফেসবুকে প্রতিবাদ জানিয়ে পোস্ট দেন। এ নিয়ে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে ও মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা হয়। তারা বলছেন, নাবিলা তাসনীম নামে কাউকে তারা চেনেন না। নাম ঘোষণা পরই তারা এই নামে কেউ আছে জানতে পারেন। দলের সঙ্গে সংশ্লিষ্ট নয় ও এলাকায় কোনো সংযোগ নেই এমন কাউকে মনোনয়ন দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা।
যা বলছেন স্থানীয় নেতাকর্মীরা
এনসিপির বালিয়া ইউনিয়ন ও চৌহাট ইউনিয়নের অন্যতম সংগঠক ইসরাফিল হোসেন রাজন বলেন, আমি তাকে চিনি না। কখনও পরিচয় হয়নি। মনোনয়ন পাওয়ার পর জানলাম উনি ঢাকায় থাকেন। এলাকায় খুব একটা আসেন না। মনোনয়ন পাওয়ার পরও কোনো ধরনের কোনো যোগাযোগ হয়নি। এলাকায়ও এই প্রথম জানল এই নামে কেউ একজন আছে।
ধামরাই উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি উজ্জ্বল হোসেন বলেন, দলের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। আমাদের সঙ্গে কোনো পরিচয়ও নেই।
দলের ধামরাই উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন বলেন, এনসিপি ১২৫ জনের নাম ঘোষণা করল, তখনই ঢাকা-২০-এর প্রার্থীর নামও ঘোষণা করা হলো। তখনই আমরা জানতে পারি নামটি।
এসব বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার ফোনকল করে ও খুদে বার্তা পাঠালেও কোনো সাড়া দেননি প্রকৌশলী নাবিলা তাসনীম। তবে তিনি গণমাধ্যমকে জানান, ‘আমি দেশের মানুষ, বিশেষ করে ধামরাইবাসীর পাশে দাঁড়াতে ও ধামরাইয়ের উন্নয়ন করতে চাই।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার বলেন, আমরা বিষয়টি ওয়াকিবহাল রয়েছি। মনোনয়ন দেওয়ার সময় আমরা কোনো কিছুই চূড়ান্ত করে দিইনি। এটা প্রাথমিক মনোনয়ন। এটার যাচাই-বাছাইয়ের সুযোগ রয়েছে।