ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ২২:৩৩ পিএম
দেলোয়ার হোসেন সাঈদি। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেছেন, সাঈদীকে যারা মিথ্যা অপবাদ দিয়ে অন্যায়ভাবে কারাগারে বন্দি করেছিল আমরা তাদের শেষ দেখে ছাড়ব। আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদির কফিন ছুয়ে শপথ করেছি।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে ভাণ্ডারিয়া হাসপাতাল ময়দানে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও যুব ছাত্র নাগরিক সমাবেশে প্রধান বক্তার বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, জুলাই যোদ্ধা ওসমান হাদির ওপর যারা গুলি করেছে তাদের দ্রুত খুঁজে বের করতে হবে এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাষ্ট্রে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। যদি রাষ্ট্র তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে তা হবে সরকারের চরম ব্যর্থতা। রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলো জনগণের জানমাল রক্ষা করা।
‘আল্লামা সাঈদী ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান ও পিরোজপুর-২ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়েতে ইসলামী মনোনীত সাংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জামায়াতে ইসলামীর ভাণ্ডারিয়া উপজেলা আমীর মো. আমীর হোসাইন, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাণ্ডারিয়া শাখার সভাপতি আলহাজ্ব বাদশা জোমাদ্দার প্রমূখ।
সম্মেলনে কেরাত পাঠ করেন শাইখ ক্বরী আহমাদ বিন ইউসুফ আল আযহারী (বাংলাদেশ), ক্বারী আহমাদ আল-জাওহারী (মিসর), ক্বারী মাহদি গুলাম নেযাদ (ইরান), ক্বারী নাযির আসগর (ফিলিপাইন), ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী ক্বাদেরী (পাকিস্তান)।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির সভাপতি আফজাল হোসাইন সোয়াইব।