প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১০:৩৬ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ১০:৩৮ এএম
বেগম খালেদা জিয়া। ফাইল ফটো
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানভিত্তিক এয়ারলাইনস এফএআই এভিয়েশন গ্রুপের। এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল (মঙ্গলবার) সকাল ৮টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে নামবে। সেটি চাইলে সেদিন রাত ৯টায় ঢাকা ত্যাগ করতে পারবে।
তবে, খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন এবং প্রস্তুতির ওপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তিত হতে পারে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেন গত শনিবার জানিয়েছিলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির ওপরই নির্ভর করছে তার বাইরে যাওয়া।
দুই সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সূত্রের মতে, রবিবার (৭ ডিসেম্বর) রাত পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী- তার অবস্থা অনেকটা অপরিবর্তিত রয়েছে।