প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ২১:১১ পিএম
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সের ফ্লাইটটিকে ‘ভিভিআইপি’ উল্লেখ করে শিডিউল অনুমোদন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্সও দিয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘৯ ডিসেম্বর এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় পৌঁছাবে এবং ১০ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবে। ভিভিআইপি মুভমেন্ট বিবেচনায় বিমানবন্দরে ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সবধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনীয় রুট ও চূড়ান্ত সময় নিশ্চিত হওয়া মাত্র সংশ্লিষ্ট সব ইউনিট সক্রিয় হবে।’
তবে তার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় বিমান ভ্রমণ অনিশ্চিত জানিয়ে শনিবার (৬ ডিসেম্বর) বিকালে এভারকেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের উপযোগী না হওয়ায় তার লন্ডনযাত্রা বিলম্বিত হচ্ছে।’
মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত নিয়ে তিনি আরও জানান, শুক্রবার এয়ার অ্যাম্বুল্যান্সের কারিগরি ত্রুটিও একটি কারণ ছিল। তবে ওই সময়ে মেডিক্যাল বোর্ড জরুরিভাবে সিদ্ধান্ত নেয় যে খালেদা জিয়ারে এখন ফ্লাই করা উচিত হবে না। ফলে বিদেশে নেওয়ার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়েছে। ভবিষ্যতেও তার শারীরিক অবস্থাই নির্ধারণ করবে কখন তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া সম্ভব হবে।