চকরিয়া ও পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৬ পিএম
‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ। তাই গণতন্ত্র ও দেশের স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে।’
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তৃতীয় দিনের মতো পেকুয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বেকারত্ব বাংলাদেশের বড় সংকট। বিএনপি ক্ষমতায় গেলে এ সংকট নিরসনে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
তিনি বলেন, বাংলাদেশে প্রচুর লবণ উৎপাদিত হলেও চাষিরা ন্যায্যমূল্য না পাওয়ায় সংকটে পড়েছেন। ন্যায্যমূল্যের নিশ্চয়তা দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সকালে মগনামায় আল্লামা জাফর শাহ (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে দিনব্যাপী গণসংযোগ শুরু করেন সালাহউদ্দিন আহমদ। এরপর বিএনপির প্রতিষ্ঠাকালীন ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মাহমুদুল করিম চৌধুরীর কবর জিয়ারত করেন।
গণসংযোগকালে মগনামার পূর্বকূল রঙ্গীখাল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। একই সঙ্গে আসন্ন নির্বাচনে বিএনপির ধানের শীষের পক্ষে সবাইকে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
গণসংযোগ ও পথসভায় সহধর্মিণী ও সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমেদ, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহনেওয়াজ আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।