প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ২০:৩৭ পিএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ। ছবি : সংগৃহীত
দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং সব দলের প্রস্তুতির জন্য ভালো হয়— এমন সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
বুধবার (৩ ডিসেম্বর) বিকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
এ সময় নাহিদ ইসলাম নির্বাচন সংক্রান্ত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীকে সাধুবাদ জানিয়ে বলেন, নিজ প্রতীকে ভোট সংক্রান্ত আরপিও সংশোধনীকে সাধুবাদ জানায় এনসিপি। তবে এই সংস্কার বাতিলে চাপ প্রয়োগ করা হচ্ছে, সেটির নিন্দা জানাচ্ছি। এটি নিয়ে রিট করে আদালতকে ব্যবহার করা হচ্ছে। আইনগতভাবে ইসিকে লড়াই করতে বলেছি।
ইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, অনেক চড়াই উৎরাই পার হওয়ার পরে অবশেষে প্রতীক বরাদ্দ হয়েছে। শাপলা কলি প্রতীকে এনসিপি এবারের নির্বাচনে অংশ নেবে।
‘প্রত্যেক দলকে স্ব স্ব প্রতীকে নির্বাচন করতে হবে’— এই প্রস্তাবনা থেকে ইসিকে সরে না আসার আহ্বান জানিয়ে এনসিপির শীর্ষ নেতা বলেন, ‘একটি বিশেষ দল সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ দিয়েছে এক মার্কায় নির্বাচনের জন্য এবং আদালতকে ব্যবহার করে এখন এই সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করা হচ্ছে। এনসিপি এই বিষয়ে ইসিকে শক্ত অবস্থানে থাকার জন্য বলেছে।’
নাহিদ নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, হলফনামায় প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করার জন্য ইসিকে বলা হয়েছে। এছাড়া অর্থ ব্যয়ের বিষয়ে ইসি যেন কঠোর অবস্থান নেয়। যারা কালো টাকা ছড়াবে, তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে বলা হয়েছে।
প্রশাসনে রদবদল নিয়ে নাহিদ বলেন, ডিসি, এসপিদের বদলিতে রাজনৈতিক প্রভাব রয়েছে। এতে নির্বাচনে প্রভাব বিস্তার করবে। এটি নির্বাচন কমিশন দেখবে।
গণভোটের প্রশ্ন যেন সঠিক প্রচার হয়, সেই বিষয়েও ইসিকে সতর্ক করেছে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, গণভোটের প্রশ্ন সঠিকভাবে প্রচার না হলে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছাবে না।