ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ১৯:২৫ পিএম
আগামীতে জামায়াত ক্ষমতায় গেলে দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জামায়াতের ফরিদপুর জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দীনের সভাপতিত্বে গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসাইন, ফরিদপুর অঞ্চল টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটি, ফরিদপুর-৩ সদর আসনের এমপি প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব, ফরিদপুর-১ আসনের এমপি প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-২ আসনের এমপি প্রার্থী সোহরাব হোসেন, ফরিদপুর-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা মোঃ সারোয়ার হোসাইন, খেলাফত মজলিসের জেলা আমীর মাওলানা আমজাদ হোসাইন, ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর আবু হারিচ মোল্লা প্রমুখ।
দেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে মন্তব্য করে জামায়াতের এই নেতা বলেন, এ (দাঁড়িপাল্লার) জোয়ারে ভীত হয়ে আমাদের উপর হামলা করার চেষ্টা করা হচ্ছে। ভোটকেন্দ্রে আমাদের নেতাকর্মীরা পাহারা দেবে। যারা আক্রমণ করতে আসবে, তাদের যেমন দুই হাত আছে আমাদেরও দুই হাত আছে। আমরা তাদের প্রতিহত করবো।
এবারের নির্বাচন শুধু ক্ষমতা বদলের নির্বাচন নয় উল্লেখ করে এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘এবারের নির্বাচন আদর্শীক পরিবর্তনের নির্বাচন। এবারের নির্বাচন সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন।’
তিনি অভিযোগ করে বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও ভারত বাংলাদেশের বন্ধু হতে পারেনি। এ সময় তিনি একটি দলের প্রতি ইঙ্গিত করে বলেন, তারা এখন বলে বেড়াচ্ছে, আমরা ক্ষমতায় গেলে অমুসলিমদের মুসলমান বানাবো। নারীদের ঘরে বন্দি করে রাখবো— এটি নিছক আমাদের বিরুদ্ধে অপপ্রচার।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলে মন্দিরে হামলা করে জামায়াত-শিবিরের উপর দোষ চাপাতো। অথচ জামায়াত-শিবির মন্দির পাহারা দিয়েছে।
এদিন বিকেলে সমাবেশ শুরুর আগে বিভিন্ন স্থান থেকে জামায়াতের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে উপস্থিত হন। পরে ফরিদপুরের ৪টি আসনের জামায়াতের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে জামায়াতের পক্ষে ভোট প্রার্থনা করেন এটিএম আজহারুল ইসলাম।