কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ২০:৫২ পিএম
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আগামী জাতীয় নির্বাচন এবং বর্তমান সংকট মোকাবেলায় বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেশের জন্য জরুরি। তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতিচ্ছবি।
সোমবার (১ ডিসেম্বর) বিকালে কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, গণতন্ত্রের প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নেতৃত্বের প্রতীক। দেশের মানুষের ভোটাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া আজীবন আপোষহীন সংগ্রাম করেছেন। তিনি গুরুতর অসুস্থ থাকায় এই সংকটময় মুহূর্তে তার সুস্থতা কামনা ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করছি। তিনি কেবল একটি দলের নেত্রী নন, সমগ্র জাতির আশা ও আকাঙ্ক্ষার প্রতীক।
তিনি বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সরকারের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে তার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনজুড়ে খালেদা জিয়া জেল, নির্যাতন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। কখনও স্বার্থে আপস করেননি, দেশের বাইরে গিয়ে লুকোননি। সবসময় নেতাকর্মীদের পাশে থেকেছেন। তার নেতৃত্ব ও যোগ্যতার কারণে তিনি আজ দেশের প্রকৃত রাজনৈতিক অভিভাবক হিসেবে স্বীকৃত। তিনি জাতীয় ঐক্যের প্রতীক এবং দলমত নির্বিশেষে গণতন্ত্রকামী সকলের কাছে প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব।
নয়াবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এছাড়া কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।