প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ২২:৩৩ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫ ২২:৩৭ পিএম
দেশের ঐক্য ও শান্তির স্বার্থে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করেছেন ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। বর্তমান সংকটময় সময়ে দেশে একজন অভিভাবকসুলভ, দূরদর্শী ও ঐক্যবদ্ধ নেতৃত্বের প্রয়োজনীয়তা আরও গভীরভাবে অনুভূত হচ্ছে জানিয়ে তিনি বলেন, একটি নতুন, সুখী, সমৃদ্ধ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায় দেশবাসীর কাছে দোয়া ও মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত আরোগ্য লাভ করেন।
রবিবার (৩০ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ন আহ্বায়ক মুকিতুল আহসান রঞ্জু আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে এসব কথা বলেন ইশরাক হোসেন।
ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, ওনার জন্যে আমরা মহান আল্লাহ তালার কাছে দোয়া চাই তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ইতোপূর্বেও এই ধরনের পরিস্থিতি থেকে মহান আল্লাহ তালা তাঁকে ফিরিয়ে এনেছেন, মহান আল্লাহতায়ালা এবারও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন সুস্থ করে দেন।
তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশে আমাদের একজন অভিভাবক প্রয়োজন, যিনি সবাইকে ঐক্যবদ্ধ করে একটি নতুন, সুখী, সমৃদ্ধ, ইসলামি মূল্যবোধে বিশ্বাসী ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে পারবেন। তাই আমরা আমাদের প্রয়োজনে মহান আল্লাহ তালার কাছে দোয়া করছি, আপনারাও দোয়া করবেন যেন দেশনেত্রী, গণতন্ত্রের মাতা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।
এ সময় উপস্থিত ছিলেন- ওয়ারী থানা বিএনপির সভাপতি হাজি লিয়াকত আলী, সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাব্বির আহমেদ আরিফ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ন আহ্বায়ক মুকিতুল আহসান রঞ্জু প্রমুখ।