সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ২০:৪২ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এবারের জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোতে অনেক পরিবর্তন আসবে। রাষ্ট্রে যাতে মানুষে মানুষে বৈষম্য দূর হয়, নারী-পুরুষে বৈষম্য দূর হয়, হিন্দু-মুসলমানের বৈষম্য না থাকে এবং ধনী-গরিবের বৈষম্য দূর হয়। এমন বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিরাজদিখান উপজেলার শেখরনগর রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউট খেলার মাঠে মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সমর্থনে সনাতন ধর্মাবলম্বীদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, দেশে এখন অপর একটি শক্তি আছে, সেটি সাম্প্রদায়িক শক্তি। সাম্প্রদায়িক শক্তি যদি দেশে মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে কী হবে দেশের মানুষ কিছুটা হলেও বুঝতে পারছে। তিনি বলেন, আজকে আওয়ামী লীগ নাই, পালিয়ে গেছে। আওয়ামী লীগের নেতারাও মাঠে নাই, পালিয়ে গেছে। তাহলে বিএনপি লড়াই করবে কার সঙ্গে। সেই সুযোগে সাম্প্রদায়িক শক্তি এক হচ্ছে দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে।
গয়েশ্বর চন্দ্র রায় এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে বলেন, যদি দেশনেত্রী না থাকে, তাহলে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সংশয় দেখা দেবে।
আলী আজগর ডিগ্রি কলেজের প্রভাষক চৈতী দেবনাথ ও তাপস দাসের সঞ্চালনায় এবং সাবেক অধ্যক্ষ বিশুদ্ধানন্দ চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সনাতন ধর্মাবলম্বী এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তী, মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মণ্ডল দুলাল, অ্যাডভোকেট সমরেশ নাথ, সিরাজদিখান পূজা পরিষদ সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল দাস, বিমল চন্দ্র দাস, শেখর নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল, রাধেশ্যাম ঘোষ রাজু প্রমুখ।