নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ২১:১৭ পিএম
রাগ-অভিমান ভুলে ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নান। তিনি বলেন, ‘প্রার্থী নয়, প্রতীককে মূল্যায়ন করুন। ধানের শীষ প্রতীক আমার প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক। তাই রাগ-অভিমান ভুলে ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।’
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নবীনগর পৌর এলাকার মাঝিকাড়ায় নির্বাচনী অফিস উদ্বোধনকালে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে তিনি আগামী ফেব্রুয়ারিতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ৩১ দফা বাস্তবায়নে প্রতিটি ওয়ার্ডে টিম গঠন করে কাজ করা হচ্ছে এবং ঘরে ঘরে ধানের শীষে ভোট চাওয়া চলছে। আগামীকাল (শুক্রবার) নবীনগরে সকল নেতৃবৃন্দকে নিয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
স্থানীয় বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি হাজী আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইরন মিয়া, সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শিরণ, সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক স্বপন, সজিব মিয়া, মনির হোসেন, বিপ্লব সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কবি অনন্ত হওরা, নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইউনুস, নবীনগর পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী সাজ্জাদ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।