বগুড়া অফিস
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৯:৪৬ পিএম
বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার ১৭ বছর ধরে হিন্দু সম্প্রদায়ের ভোট দখল করেছে। ভোটের প্রয়োজন ফুরিয়ে গেলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর দখল করা হয়েছে এবং তাদের দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এখন ফ্যাসিবাদের দিন শেষ, আগামীর দিন হবে জনগণের বাংলাদেশ। সকল ধর্ম, শ্রেণি ও সম্প্রদায়ের সমান অধিকারের দেশ।
সোমবার (২৪ নভেম্বর) বিকালে বগুড়ার নন্দীগ্রামে ‘সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নির্বাচনী অগ্রাধিকার’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
পৌর শহরের মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. মোশারফ হোসেন।
প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। তিনি বলেন,
বর্তমান পরিস্থিতিতে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সামাজিক বৈষম্য বাড়ছে। নারী ও শিশুর অধিকার রক্ষায় বিএনপি অতীতেও কাজ করেছে, আগামীতেও আমরা কাজ করে যাব।
বিএনপির মনোনীত প্রার্থী মোশারফ হোসেন বলেন, নারীদের ব্যাপক উপস্থিতি ও মানুষের ঢল প্রমাণ করে বগুড়ার মাটিতে ধানের শীষের বিজয় নিশ্চিত। বিএনপি ক্ষমতায় এলে দেশ হবে জনগণের রাষ্ট্র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা জয়নাল আবেদীন চান, কেএম খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাইন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী প্রমূখ।