প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১৮:১১ পিএম
ফাইল ছবি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোডাউন না করতে দলটির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সাতক্ষীরায় শোডাউনের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহতসহ সাম্প্রতিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দিয়েছেন তিনি।
সোমবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জেলা/মহানগরী নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র্যালি ও মোটরশোভাযাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এসব কর্মসূচিতে কয়েকটা দুর্ঘটনা ও আহতের প্রেক্ষাপটে সম্মানিত আমীরে জামায়াত এখন থেকে সকল জেলা/মহানগরী নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
শনিবার (২২ নভেম্বর) সাতক্ষীরায় সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় দলটির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে অনুষ্ঠিত মোটরসাইকেল শোডাউনের সময় ফজর আলী (৭৩) নামে এক বৃদ্ধ মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন।