প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ২১:১১ পিএম
ফাইল ছবি।
ভয়াবহ ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২১ নভেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে জামায়াত আমির বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এ ঘটনায় দুই শিশুসহ কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক শতাধিক মানুষের আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। আমি এই মর্মান্তিক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
ডা. শফিকুর রহমান বলেন, আমি নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং আহত ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতাহতদের পরিবার-পরিজনদের সবরে জামিল দান করুন।
তিনি বলেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি- পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
জামায়াত আমির বলেন, বিল্ডিং কোড মেনে বহুতল ভবন নির্মাণ হচ্ছে কি না তা কঠোরভাবে তদারকি করতে হবে। এছাড়া ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি কমাতে জনগণকে আরও সচেতন করা সরকারের দায়িত্ব। আমি আশা করি, জনগণ ধৈর্য ও সাহসিকতার সঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি অতিক্রম করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।