প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ২০:২৭ পিএম
রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পারস্পরিক সৌজন্য বিনিময় করেন।
শুক্রবার (২১ নভেম্বর) বিকাল সোয়া ৪টায় গুলশানের বাসা থেকে খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছালে তিন বাহিনীর প্রধান তাকে অভ্যর্থনা জানান।
খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন, পরে তারা মূল অনুষ্ঠানস্থলে যান। সেখানে পাশাপাশি আসনে বসে তাদের হাসিমুখে কথা বলতে দেখা যায়।
প্রধান উপদেষ্টা সাক্ষাৎকালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। এ সময় বিএনপির চেয়ারপারসনও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজা ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন। সাক্ষাৎকালে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। এ সময় সরকারের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।