খুলনা অফিস
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ২০:২৩ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫ ২১:৩৮ পিএম
জামায়াতের পক্ষে জনসমর্থন বেড়ে যাওয়ায় রাজনৈতিক প্রতিপক্ষ ভীতি
সৃষ্টি ও ভোট বিভ্রান্তির চেষ্টা করছে বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক জোয়ার দেখে অনেক রাজনৈতিক নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সকলের মধ্যেই জামায়াতের পক্ষে ভোট দেওয়ার আগ্রহ দেখা যাচ্ছে।
ওয়ার্ড সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. কামরুল গাজীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্যা, খানজাহান আলী থানা আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন, জামায়াত নেতা মো. সুলতান মাহমুদ, মো. মোশারফ হোসেন, নূর ইসলাম গাজী, মো. রানা আকুঞ্জী।
গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, জামায়াতের পক্ষের ধর্মীয় কার্যক্রম নিয়ে প্রতিপক্ষ
ষড়যন্ত্রমূলক প্রচার চালাচ্ছে। বোরখা পরে বাড়ি বাড়ি গিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে এটা
নিয়েও অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে কোরআনের আইন প্রতিষ্ঠার পথ
সুগম হবে। অনুষ্ঠানে তিনি ভোটারদের ধর্মীয় দায়িত্বের কথাও তুলে ধরে বলেন, মুসলিম হতে
হলে কোরআনের আইন মানতেই হবে। না মানলে কবরে যাওয়ার সুযোগ নেই।
তিনি সমর্থকদের আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীর কাছে গিয়ে
দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। বক্তব্যে তিনি ধর্মীয় অনুভূতি ও জান্নাত-জাহান্নামের
প্রসঙ্গ টেনে ভোটারদের কোরআনের বিধান প্রতিষ্ঠার’ অঙ্গীকারে একত্রিত হওয়ার আহ্বান জানান।
শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে তিনি আসন্ন নির্বাচনে কোরআনের বিধান জারির পক্ষে জনগণের হৃদয় পরিবর্তন করে দেওয়ার জন্য প্রার্থনা এবং দেশ-জাতির কল্যাণ কামনা করেন।