প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২ ১৪:১৬ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২ ১৪:২৫ পিএম
রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় কাউন্সিলের প্রস্তুতি সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্য নেতারা। ছবি : ফোকাস বাংলা
বিএনপি দেশের জন্য যে ‘ভিশন ২০৩০’ ঘোষণা দিয়েছিল সেটি এখন কোথায় সে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির প্রস্তুতি সভায় এ প্রশ্ন তোলেন তিনি।
২০১৭ সালের মে মাসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর একক ক্ষমতার ভারসাম্য আনাসহ বেশকিছু প্রস্তাবের সমন্বয়ে তাদের 'ভিশন ২০৩০' ঘোষণা করে।
কাদের বলেন, ‘বিএনপির ২০৩০ সালের যে ভিশনের ঘোষণা দিয়েছিল, সেই ভিশন বাস্তবায়ন কই? তারা এমন কর্মসূচি দেবে আর খাই খাই করবে।’
সোমবার বিকেলে বিএনপি তাদের ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ উপস্থাপন করবে বলে জানিয়েছে।
বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণার সমালোচনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যারা রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, তারা কী করে দেশের মেরামত করবে?’
তিনি বলেন, ‘দেশ মেরামত করেছেন শেখ হাসিনা। বিএনপির আমল থেকে এখন সকল কিছু ভালো আছে। দেশের মধ্যে যা মেরামত হয়েছে, তার সবই আওয়ামী লীগ করছে।’
বিএনপির সাথে যুগপথ আন্দোলনে যাওয়ার সিদ্ধান্তে বামপন্থি কিছু দলের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার সরকারকে হটাতে ডান-বাম এক হয়েছে। প্রগতিশীল আর প্রতিক্রিয়াশীল এক হয়ে গেলে প্রগতিশীল কী থাকে?’
স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাহ উল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ বিভিন্ন নেতাকর্মীরা।
সঞ্চালনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সদস্য সচিব আ ফ ম বাহাউদ্দীন নাছিম।