× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মান্নানের মনোনয়ন পাল্টাতে মঞ্চে ঐক্যবদ্ধ মনোনয়নবঞ্চিত সাতজন!

পিয়াল হাসান রিয়াজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৯:২৩ পিএম

মান্নানের মনোনয়ন পাল্টাতে মঞ্চে ঐক্যবদ্ধ মনোনয়নবঞ্চিত সাতজন!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (১৯ নভেম্বর) বিকেলে সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত জনসমাবেশে দলীয় মনোনয়নবঞ্চিত সাত নেতা একই মঞ্চে উঠে ঘোষিত মনোনয়ন পরিবর্তনের জোর দাবি জানান। 

এর আগে গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্য আসনের মতো ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর উপজেলা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানকে ঘোষণা করেন।

এ ঘোষণার পর থেকেই স্থানীয়ভাবে মনোনয়নবঞ্চিত নেতাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। তারা ঐক্যবদ্ধ হয়ে জনসমাবেশেরে ডাক দেন। উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য নাজমুল করিম। 

এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা তকদির হোসেন মো. জসিম, জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল হক সাঈদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, কেন্দ্রীয় কৃষকদলের সহ–সাধারণ সম্পাদক কেএম মামুন অর রশিদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ–সাধারণ সম্পাদক এডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পুসহ তৃণমূলের বহু নেতা। 

বক্তারা অভিযোগ করেন—ঘোষিত প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান গত ১৭ বছর মাঠের রাজনীতিতে সক্রিয় ছিলেন না, কর্মীদের সঙ্গে তার প্রত্যক্ষ সম্পৃক্ততাও নেই এবং নবীনগরের বাস্তব পরিস্থিতি সম্পর্কে তিনি অজ্ঞাত। তাদের দাবি, এটি প্রাথমিক মনোনয়ন; চূড়ান্ত করতে হলে নবীনগরের কর্মী-সমর্থকদের মতামতকে প্রাধান্য দিতে হবে এবং মনোনয়ন বঞ্চিত সাতজনের মধ্য থেকে যেকোনো একজনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে। 

সমাবেশে স্পষ্টভাবে চারটি গ্রুপিং সামনে আসে-মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান গ্রুপ, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস গ্রুপ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুল হক সাঈদ গ্রুপ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো. জসিম গ্রুপ। 

মঞ্চে থাকা সাত মনোনয়নপ্রত্যাশীর তালিকায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, কেন্দ্রীয় কৃষকদলের সহ–সাধারণ সম্পাদক কেএম মামুন অর রশিদ এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ–সাধারণ সম্পাদক এডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু।

সমাবেশে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আনিছুর রহমান মঞ্জু, সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু সাঈদসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য হযরত আলী ও জেলা ছাত্রদলের সাবেক সহ–সভাপতি ইকবাল হোসেন রাজু।

এদিকে বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান অভিযোগগুলোকে গুরুত্বহীন উল্লেখ করে বলেন, কিছুদিন আগেও দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে একই মঞ্চে তারা আমার সঙ্গে বক্তব্য দিয়েছেন। এর আগেও একাধিকবার বৈঠক করেছেন এবং আজও ৩১ দফা বাস্তবায়নের সমাবেশ করেছেন। তিনি বলেন, ‘এগুলো রাগ-অভিমান ছাড়া কিছুই নয়। আশা করি সব ভুল–বোঝাবুঝি কেটে যাবে এবং সবাই ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে মাঠে নামবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা