প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২ ২০:২৮ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২ ২০:৫৭ পিএম
বেআইনি লোকদের হাতে বাংলাদেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।
রবিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আইন এখন বেআইনি লোকের হাতে। তাই আইনের সেই মর্যাদা এখন আর নেই। যতক্ষণ পর্যন্ত বেআইনি লোক আইনকে হ্যান্ডেল করবে ততদিন এই দেশ নিরাপদ নয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন সাহসী বীরপুরুষ উল্লেখ করে তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহসের সাথে পরিস্থিতি মোকাববিলা করছেন। আমাদের অবশ্যই করণীয় তার পরিবারকে তার জন্য অভিনন্দন জানিয়ে যাওয়া। এ ছাড়া জানিয়ে যাওয়া যে আমরা তার কষ্টে মনবেদনায় সঙ্গে রয়েছি।’
কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর যে গণমিছিল হবে তার সঙ্গে আমরা ১১ টি দল অবশ্যই রয়েছি। ১১টি দল তাদের সক্ষমতা অনুযায়ী কর্মসূচিতে উপস্থিত থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দল চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপি চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, জাতীয় পার্টি (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ও বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব ফারুক রহমান।