চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ২৩:২২ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গেছে। যারা তার আদর্শের রাজনীতি করবে, তাদের এনসিপিতে নেওয়া হবে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, ড. ইউনূসকে জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের আদেশ বাস্তবায়ন করতে হবে। জোটবদ্ধ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি জোটবদ্ধ নির্বাচন করবে না। স্বতন্ত্রভাবে নির্বাচনে যাবে। কেউ যদি সংস্কারপন্থী হয়ে আসতে চান, বাংলাদেশকে বিশ্বাস করেন, জুলাইকে বিশ্বাস করেন, চাঁদাবাজকে না বলেন, আমরা তাদের নেব।
চাঁদপুর জেলার প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, আরিফ তালুকদারসহ অনেকেই বক্তব্য দেন।
এদিকে রবিবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা একটি প্রতিনিধিত্বমূলক, ভারতীয় আধিপত্যবিরোধী এবং ফ্যাসিবাদমুক্ত সংসদ চাচ্ছি। যে সংসদ হবে বাংলাদেশপন্থী সংসদ। তিনি আরও বলেন, বিএনপি শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছে। ৫ আগস্ট-পরবর্তী সময়ে দলটি নিজেদের আদর্শ থেকে সরে গেছে। যারা বিএনপির এ পরিবেশে থাকতে অস্বস্তিবোধ করছেন, আমরা আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আমরা আপনাদের নমিনেশন দেব। আমরা কুমিল্লার ১১টি আসনে সৎ ও যোগ্য প্রার্থী দেব।
তিনি বলেন, আমরা চাই আগামী সংসদ নির্বাচনে যারা বাংলাদেশপন্থী, সাম্প্রদায়িক সম্প্রীতিতে যারা বিশ্বাস করেন, যারা ভারতীয় আধিপত্যবিরোধিতায় বিশ্বাস করেন, যারা এই গণঅভ্যুত্থান বিশ্বাস করেন, সংস্কারে বিশ্বাস করেন এবং যারা এই বাংলাদেশে যে জনআকাঙ্ক্ষার কারণে এ বিপ্লব হয়েছে, সেটিতে বিশ্বাস করেন, তাদেরকে নিয়ে আগামীর সংসদ গঠিত হোক।
ব্যারিস্টার মাজহারুল ইসলামের সভাপতিত্বে সমন্বয় সভায় আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ, মুখ্য সংগঠক নাভিদ নওরোজ শাহ, সদস্য হাফসা জাহান, সালাউদ্দিন জামিল সৌরভ ও কুমিল্লা মহানগরের প্রধান সমন্বয়কারী মো. সিরাজুল ইসলাম প্রমুখ।