বগুড়া অফিস
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১৯:০৮ পিএম
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও বিশিষ্ট চিকিৎসক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে বাঙালি আছে কিন্তু আমাদের রাষ্ট্রিক পরিচয় নেই— এ ধারণা ভেঙে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশী’ পরিচয়ে এক পতাকার নিচে সমবেত করেছিলেন।
শনিবার (৮ সেপ্টেস্বর) বিকেলে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘৭ নভেম্বর রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন।
ডা. পাভেল বলেন, জিয়াউর রহমান সংবিধানের মূলবাণীতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যুক্ত করেছিলেন। তাই বিএনপির সঙ্গে ইসলাম যুক্ত করার প্রয়োজন হয়নি। ইসলামকে অবমাননা করে কেউ রাজনৈতিকভাবে লাভবান হতে পারে না। যারা রোজা-ঈদের সঙ্গে পূজাও এক করেন বা ইসলামের ব্যাখ্যা বিকৃত করেন, তাদের নামের আগে ইসলাম শব্দ ব্যবহার করে রাজনীতি করা উচিত নয়।
শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম ও কে এম খায়রুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. হাসানাত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক কাওসার হাসান টগর, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু প্রমুখ।