প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ২৩:৪১ পিএম
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দলের জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিকে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ নভেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা-পূর্ববর্তী সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন।
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি এ সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রার আগে সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, একটা রাজনৈতিক দল কয়েকটি দল নিয়ে জোট বানিয়েছে। তারা নির্বাচনের আগেই গণভোট দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। গণভোট জাতীয় নির্বাচনের দিনই হতে হবে, বিএনপির এই মত তুলে ধরে মির্জা ফখরুল বলেন, দুটি ভোট আলাদা করতে গেলে অনেক টাকা খরচ হবে। যারা নির্বাচনের আগে গণভোট চাচ্ছে, তারা এর মাধ্যমে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি স্পষ্ট করে জানিয়েছে যে, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। তা না হলে দেশের জনগণ সেটি মানবে না। সমাবেশ শেষে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। সেটি কাকরাইল থেকে মালিবাগ, মগবাজার, বাংলামোটর হয়ে কারওয়ান বাজার মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে শুক্রবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যান এবং পুষ্পমাল্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদসহ মহানগর উত্তরের আমিনুল হক, দক্ষিণের রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবিনসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।