চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ২০:৫৬ পিএম
শহীদ জিয়াউর রহমানের ‘বীরত্বের’ কথা তুলে ধরে তাকে ‘জাতির মহানায়ক’ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও হাটহাজারী-বায়েজিদ সংসদীয় আসনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেছেন, ৭১ সালে অসীম সাহস আর দেশপ্রেম নিয়ে স্বাধীনতার ঘোষণা, জীবনবাজী রেখে সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেওয়া, যুদ্ধ শেষে ব্যারাকে ফিরে যাওয়া। আবার '৭৫ এ দেশমাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জাতিকে মুক্ত করার মাধ্যমে শহীদ জিয়াই বাংলাদেশের কিংবদন্তি মহানায়ক হয়ে ওঠেছিলেন।
শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর ঐতিহাসিক বিপ্লব উদ্যানে হাটহাজারী উপজেলা এবং পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে এসব কথা বলেন তিনি।
মীর হেলাল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালজয়ী দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি প্রতিষ্ঠা, ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বনির্ভর দেশ গঠনে তাঁর আমৃত্যু বিরামহীন সংগ্রহ বাংলাদেশের প্রতিটি মানুষের মনের গভীরে জায়গা করে নিয়েছে। দীর্ঘ ১৭ বছর শহীদ জিয়া ও তার দল বিএনপির নাম নিশানা মুছে ফেলার অবিরাম চেষ্টা করেও আওয়ামী ফ্যাসিস্টরা সফল হয়নি।
বিএনপির শিকড় বাংলাদেশের সাধারণ মানুষের মনের অতি গভীরে উল্লেখ করে মীর হেলাল বলেন, ভবিষ্যতেও বিএনপির পথ চলায় যারা চ্যালেঞ্জ করবে তারা জনজোয়ারে ভেসে যাবে।
এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপি'র সাবেক সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহম্মদ সেলিম চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, বিএনপি নেতা আইয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী প্রমুখ।