ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ১৯:৩৩ পিএম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, ‘জনগণ একটি স্থিতিশীল সরকার চায়। এইজন্য সবার আগে আমরা জাতীয় সংসদ নির্বাচন চাই এবং সেই সংসদের মাধ্যমে জুলাই আগস্টের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো। আগামী সংসদের মাধ্যমে আমরা শহীদদের স্বপ্ন এবং জুলাই ঘোষণাকে বাস্তবায়ন করবো।’
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া বাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শৈলকুপা উপজেলা, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু।
জয়ন্ত কুমার কুন্ডু বলেন, ‘আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক অবস্থাকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য কেউ কেউ গণভোটের নামে জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই— সর্বাগ্রে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে কোনো গণভোট বা কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না।’
শৈলকুপার মানুষের বিরত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা শৈলকুপার মানুষ স্বাধীনতা যুদ্ধে অপরিসীম ভূমিকা পালন করেছি। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বীরত্বের সাথে শৈলকুপার মানুষ যুদ্ধ করেছে। এই শৈলকুপা ৯০এর আন্দোলনে এরশাদের বিরুদ্ধে জীবনবাজি রেখে লড়াই করেছে। শেখপাড়া, ইসলামী বিশ্ববিদ্যালয় ২০২৪ সালে ৫ই আগস্টের আন্দোলনে অপরিসীম ভূমিকা পালন করেছে। আমি মনে করি, এই বাংলাদেশের মধ্যে অন্যান্য উপজেলার চেয়ে শৈলকুপার মানুষ শিক্ষা-সংস্কৃতিতে এগিয়ে, চাকরিতে এগিয়ে এবং রাজনৈতিকভাবে খুলনা বিভাগের মধ্যে সব থেকে এগিয়ে।’
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই নেতা বলেন, ‘আমরা কারও প্রতি প্রতিশোধ পরায়ণ হতে চাইনা। আমরা তারেক রহমানের নেতৃত্বে জনগণের রাজনীতি করে যাবো। আমি আজ ঘোষণা দিতে চাই, এই শৈলকুপায় কোনো দখলবাজি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না। কোনো টেন্ডার বাজি মাদকের ব্যবসা চলবে না।’
জয়ন্ত কুমার কুন্ডু বলেন, ‘আমরা ৭১ এ শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বিজয় অর্জন করেছি, ৯০ এ খালেদা জিয়ার নেতৃত্বে এবং ২৪ এ তারেক রহমানের নেতৃত্বে বিজয় অর্জন করেছি। ২৬ এ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে বিজয় উদযাপন করবো।’
আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সহসাংগঠনিক সম্পাদক তোজাম্মেল হক তোজাম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে একটি র্যালি বের করা হয়।