রাজশাহী অফিস
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ১৮:৫০ পিএম
ঐতিহাসিক ৭ নভেম্বরের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, দেশকে সমৃদ্ধ করতে, দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে তারেক রহমান কাজ করছেন।
শুক্রবার (৭ নভেম্বর) ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী মহানগর বিএনপি। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ৭টায় মালোপাড়ায় অবস্থিত সংগঠনটির কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এছাড়াও প্রতিটি সাংগঠনিক ওয়ার্ডে দিনব্যাপী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাষণ, দলীয় সংগীত এবং ৩১ দফার ওপর মাইকিং করা হবে। বিকাল ৩টায় নগরীর বাটার মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
অপরদিকে, ছাত্রদল ও ড্যাবের আয়োজনে শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় ভুবনমোহন পার্কে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একই স্থানে এবং একই সময়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিন সন্ধ্যা ৬টায় ভুবনমোহন পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়াও আগামী রবিবার বেলা ১১টায় কৃষক দল ও তাঁতিদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।