সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ২০:১০ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫ ২০:৪২ পিএম
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির কাজী আলাউদ্দীনের মনোনায়ন বাতিলসহ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সাধারণ মানুষ।
বুধবার (৫ নভেম্বর) বিকালে কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালী ব্রিজ থেকে বাসস্ট্যান্ড অভিমুখে স্থানীয় ইউনিয়ন বিএনপির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও কয়েক হাজার সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তারা ‘হটাও কাজী, বাঁচাও ধানের শীষ’ স্লোগান দিতে থাকেন । এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলার নলতা এলাকা সড়ক অবরোধ করে অর্ধদিবস হরতাল পালন করেন ডা. শহিদুল ইসলামের সমর্থকরা ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী। এতে বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, জেলা তরুণ দলের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা বিএনপি নেতা এস.এম হাফিজুর রহমান বাবুসহ অনেকে ।
এ সময় বক্তারা বলেন, ডা. শহিদুল আলম জনমানুষের নেতা। তিনি গরিবের ডাক্তার। তাকে মনোনয়ন না দিলে এই আসনটি নিশ্চিতভাবে বিএনপি হারাবে। তারা দ্রুত ঘোষিত প্রার্থী কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে পুনর্বিবেচনার মাধ্যমে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। দাবি না মানলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের দলীয় কার্যালয় অভিমুখে যাত্রা করার হুশিয়ারি দেন তারা