মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ২০:০৫ পিএম
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা রয়ে গেছে। তারা দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের চেষ্টা করছে।
বুধবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় ৩ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় ছাদুমুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জলিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো. জাফর ইমাম শিকদার, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির সদস্য প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান ও আমড়াগাছিয়া ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী রোকেয়া মতিন প্রমুখ।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, তারা ভারতকে দিয়ে বাংলাদেশকে প্রেসার দিচ্ছে আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। সেটা সম্ভব না। শেখ হাসিনা এ দেশে ২০ হাজার মানুষকে গুলি করে মেরেছে, ৩০ হাজার লোককে আহত করেছে, আমাদের ৬শ’ সন্তান প্রায় অন্ধ হয়ে গেছে। আমাদের সন্তানদের আন্দোলনের মুখে শেখ হাসিনা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে স্পিকার, মন্ত্রী, ৩শ’ এমপি এমনকি তার ইমাম সাহেবরাও পালিয়ে গেছেন। যখন পৃথিবীর কোনো দেশ আশ্রয় দেয়নি, তখন তাদের আশ্রয় দিয়েছে ভারত।
তিনি আরও বলেন, তারা আমাদের সমাজের প্রত্যেকটি পরতে পরতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এজেন্ট ডুকিয়ে দিয়েছে। ‘র' কিন্তু দূরদর্শী পরিকল্পনা করেছে এবং আমাদের কোমলমতি সন্তানদের ‘র’-এর এজেন্ট হিসেবে রিক্রুট করার চেষ্টা করছে। আমাদের সন্তানরা যাতে তাদের পাতানো ফাঁদে পা না দেয় সেজন্য সকল অভিভাবককে সজাগ থাকতে হবে।
জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডসহ ৩ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় পটুয়াখালী জেলা ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।