কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৯:৪৯ পিএম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে মনোনয়ন না দেওয়ায় তার কর্মী ও সমর্থকরা বুধবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন।
এ ঘটনায় ঢাকাগামী আন্তঃনগর গোধূলি এক্সপ্রেস হাসানপুর স্টেশনে এবং চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস লাকসাম জংশনে আটকা পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু হয়।
অবরোধের সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রেললাইনে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন। পরে তারা উপজেলা সদরের প্রধান সড়কগুলো অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।
অবরোধ চলাকালে বক্তারা বলেন, ২০০৮ সালে মোবাশ্বের আলম ভূঁইয়া বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। তখন বিএনপির সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া ধানের শীষ প্রতীকের বিরোধিতা করে নৌকার পক্ষে কাজ করেছিলেন। দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে মোবাশ্বের আলম ভূঁইয়া মাঠে ছিলেন। তিনি সব সময় নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন। অথচ এবার তাকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে আব্দুল গফুর ভূঁইয়াকে।
তারা আরও বলেন, আমাদের নেতা মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন না দিলে এই আন্দোলনকে তীব্র থেকে আরও তীব্রতর করা হবে।
এদিকে, মনোনয়ন বঞ্চিত হওয়ায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে বিক্ষোভ করেছেন বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীরা। বুধবার তার নারী সমর্থকরাও বিক্ষোভ করেন। এ সময় পুরো শহরে যানজট ছড়িয়ে পড়ে।