× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মনোনয়ন না পাওয়া নিয়ে কী বললেন রুমিন ফারহানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ১০:২৭ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। গতকাল সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। ঘোষিত প্রাথমিক তালিকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম পাওয়া যায়নি। এর পরই তিনি এক টেলিভিশন আলোচনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, মনোনয়ন প্রক্রিয়া এবং দলীয় জোট গঠন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। 

রুমিন ফারহানা বলেন, বিএনপি এখন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন ও আসন ভাগাভাগি নিয়ে সক্রিয় আলোচনায় আছে। বিশেষ করে গত ১৫ বছর ধরে যারা নানা প্রতিকূল অবস্থায়ও দলের পাশে ছিলেন, তাদের সঙ্গে আসন ভাগাভাগি অগ্রাধিকার পাচ্ছে। নতুন কিছু দলের সঙ্গেও সমঝোতার আলোচনা চলছে। জোটের স্বার্থে কিছু আসনে ছাড় দেওয়া হতে পারে। আমরা এখন এমন প্রার্থীদের অগ্রাধিকার দিচ্ছি, যারা বাস্তবিকভাবে জয়ের সম্ভাবনা রাখেন।

তার মনোনয়নও আপাতত স্থগিত আছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি বলেও জানান তিনি।.

রুমিন আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং মনোনয়ন বণ্টনের প্রক্রিয়া সম্পর্কে সবাইকে অবহিত করেছেন।

দলের কিছু কর্মী মনোনয়ন না পেয়ে রাস্তায় বিক্ষোভ, টায়ার পুড়িয়ে প্রতিবাদ করছেন— এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, এই ধরনের ক্ষোভ বা হতাশা আবেগজনিত, এবং এটি দীর্ঘস্থায়ী হবে না। 

তিনি বলেন, “৩০০ আসনের মধ্যে কেবল ৩০০ জনকেই মনোনয়ন দেওয়া সম্ভব। যারা এবার মনোনয়ন পাননি, ভবিষ্যতে তাদের অন্য দায়িত্ব বা সুযোগ দেওয়া হতে পারে।”

এসময় মনোনয়ন না পাওয়া নেতাকর্মীদের আবেগের প্রতি সহানুভূতি জানিয়ে রুমিন ফারহানা বলেন, “নেতাকর্মীদের ত্যাগ, শ্রম ও ভালোবাসার ফলেই একজন প্রার্থী হিসেবে কেউ সামনে আসতে পারেন। তাই তাঁদের মন খারাপ হওয়া স্বাভাবিক, আর এই আবেগকেও সম্মান করা উচিত।”

স্বতন্ত্র প্রার্থী দাঁড়ানোর প্রবণতা ঠেকানো সম্ভব হবে কিনা, এমন প্রশ্নে রুমিন বলেন, “এখনই কিছু বলা কঠিন। কারণ, ৬৩টি আসনের মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। দলের মহাসচিবও বলেছেন, প্রাথমিক তালিকা পরিবর্তন হতে পারে— নতুন কেউ যুক্ত হতে পারেন, কেউ বাদও পড়তে পারেন।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা