কুমিল্লা অফিস
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ২০:৫১ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের মধ্যে প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টিতে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।
সোমবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘এটি সম্ভাব্য তালিকা। পরবর্তীতে কিছু পরিবর্তন আসতে পারে, তবে এটিই মূলত সবচেয়ে উপযুক্ত তালিকা হিসেবে বিবেচিত।’
প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পাঁচ ঘণ্টাব্যাপী এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কুমিল্লার ১১টি আসনের মধ্যে ঘোষিত ৯ আসনে বিএনপির প্রার্থীরা হলেন—কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৪ (দেবিদ্বার) ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) জসীম উদ্দীন, কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদরদক্ষিণ, সিটি করপোরেশন) মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৮ (বরুড়া) জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আবুল কালাম, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আব্দুল গফুর ভুঁইয়া, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) কামরুল হুদা। এ ছাড়া কুমিল্লা-২ (হোমনা-তিতাস) ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের প্রার্থী নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের শুরুতেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে।