প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ২০:১৮ পিএম
লুৎফুজ্জামান বাবর।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী নির্ধারণ ঘোষণা করছে বিএনপি। প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী দিচ্ছে দলটি। এতে নেত্রকোনা ৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরি) আসন থেকে লুৎফুজ্জামান বাবরকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন। তবে প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে বলেও জানান তিনি।
লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে একই আসনে বিজয়ী হন তিনি। সবশেষ ২০০১ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হয়ে চার দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০০৭ সালে গ্রেপ্তারের পর বাবর একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হন। এর মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড ও একটিতে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালতের রায়ে ধাপে ধাপে মুক্তি পান তিনি। সবশেষ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়ও খালাস পান। প্রায় দেড় যুগ কারাবাস শেষে সম্প্রতি নিজ এলাকায় ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন বাবর।