প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ২০:১২ পিএম
বরিশাল, ভোলা ও পটুয়াখালীতে রবিবার (২ নভেম্বর) একই দিনে এনসিপির মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনটি সমাবেশে বক্তব্য রেখেছেন। প্রতিবেদকদের পাঠানো খবর-
বরিশাল: বরিশালে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে এবং সেটা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকেই দিতে হবে। এখন এই আদেশ যদি চুপ্পুর কাছ থেকে নিতে হয়, এটা হবে বিপ্লবের কফিনে শেষ পেরেক মারার মতো অবস্থা। রবিবার বিকালে বরিশালে অনুষ্ঠিত এনসিপির জেলা ও মহানগর সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে সভায় তিনি আরও বলেন, তিনশ আসনেই সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর জন্য তারা কাজ করে যাচ্ছেন।
ভোলা : ভোলায় হাসনাত আব্দুল্লাহ বলেন, অভ্যুত্থান থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের কর্মসূচি ও নীতি নির্ধারণ জনগণের কাছ থেকে এসেছে। শাপলা প্রতীক এনসিপির হওয়া উচিদ এটি জনগণের কাছ থেকে এসেছে। অভ্যুত্থানের যারা অংশ নিয়েছে প্রতিটি মানুষ ও তাদের পরিচার চায় এনসিপির প্রতীক হওয়া উচিত শাপলা।
রবিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)র জেলা সমন্বয় সভায় শেষে দুপুরের দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক বাজারে গনসংযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। রবিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের পাইকারী কৃষক বাজারে তিনি এ গনসংযোগ করেন। এসময় তিনি পুরো বাজার ঘুরে দেখেন। পরে কৃষকরা তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন এবং হাসনাত কৃষকদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
এর আগে গত শনিবার সন্ধ্যায় তিনি পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে সমন্বয় সভায় অংশ নেন। পরে তিনি কুয়াকাটায় শনিবার রাত্রি যাপন করেন। গতকাল সকালে গণসংযোগ শেষে তিনি ভোলার সমন্বয় সভার উদ্দেশ্যে রওয়ানা দেন।